আবুল কাশেম মোঃ শিরিন এবং শাহ্ওয়ার জামাল নিজাম স্বতন্ত্র পরিচালক হিসেবে সীমান্ত ব্যাংকের পরিচালনা পর্ষদে যোগ দিয়েছেন।
বিশিষ্ট ব্যাংকার জনাব আবুল কাশেম মোঃ শিরিন এবং আইন পেশাজীবী ব্যারিস্টার শাহ্ওয়ার জামাল নিজাম সম্প্রতি স্বতন্ত্র পরিচালক হিসেবে সীমান্ত ব্যাংকের পরিচালনা পর্ষদে যোগদান করেছেন। পরিচালনা পর্ষদ সাম্প্রতিক সভায় নতুন স্বতন্ত্র পরিচালকদের উষ্ণ অভ্যর্থনা জানায়।
জনাব শিরিন দীর্ঘ ৯ বছরের বেশী সময় ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ডাচ্-বাংলা ব্যাংকের নেতৃত্ব দিয়ে সম্প্রতি অবসর গ্রহণ করেছেন। তিনি ২০০৩ সালে ডাচ্-বাংলা ব্যাংকে ইভিপি হিসেবে যোগদান করে ব্যাংকের তথ্য প্রযুক্তিতে অসামান্য অবদান রাখেন। তার নেতৃত্বে ডাচ্-বাংলা ব্যাংক দেশের সর্ববৃহৎ এটিএম/পিওএস, কার্ড, মোবাইল অ্যাপ, এমএফএস ও এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্ক স্হাপন করে। ডাচ্-বাংলা ব্যাংকের সিইও থাকাকালে তিনি ব্যাংকের সকল অপারেশন সেন্ট্রালাইজ করেন, সকল কার্যক্রম ডিজিটাল (পেপারলেস্) পদ্ধতিতে পরিচালিত করেন এবং ডিপোজিট মিক্স ও ক্রেডিট পোর্টফোলিও এর পরিমান ও মানের অভুতপূর্ব উন্নয়ন করেন। ডাচ্-বাংলা ব্যাংকে যোগদানের পূর্বে তিনি বেসিক ব্যাংকে ডিজিএম ও হেড অব আইটি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৪ সালে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন এ সহকারী প্রকৌশলী / কম্পিউটার প্রোগ্রামার হিসেবে যোগদানের মাধ্যমে কর্ম জীবন শুরু করেন। জনাব শিরিন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং এশিয়ান ইন্সটিটিউট অব টেকনোলোজি, ব্যাংকক থেকে স্নাতক/মাস্টার্স সম্পন্ন করেন। জনাব শিরিন প্রযুক্তির উপর তিনটি বই লিখেছেন।
ব্যারিস্টার শাহ্ওয়ার জামাল নিজাম একজন অভিজ্ঞ আইন পেশাজীবী। তিনি ২০০১ সালে যুক্তরাজ্যের শীর্ষ কোম্পানি ল’ চেম্বার Erskine Chambers-এ পিউপিল ব্যারিস্টার হিসেবে আইন পেশা শুরু করেন। ২০০২ সালে বাংলাদেশে ফিরে এসে সৈয়দ ইশতিয়াক আহমেদ এন্ড এসোসিয়েটস এ যোগদান করেন। তিনি ২০০৪ সালে সিটিব্যাংক এনএ-তে লিগ্যাল এন্ড কমপ্ল্যায়েন্স ম্যানেজার হিসেবে যোগ দেন। ২০০৭ সালে তিনি সিঙ্গাপুরের আন্তর্জাতিক ল’ ফার্ম Ashrust and Duane Morriss এ যোগ দেন এবং ২০১১ পর্যন্ত সিঙ্গাপুরে কর্মরত ছিলেন। ২০১১ সালে তিনি বাংলাদেশে ফিরে এসে আন্তর্জাতিক বিনিয়োগে বিশেষায়িত ল’ ফার্ম DFDL Bangladesh প্রতিষ্ঠা করেন এবং অদ্যাবধি এর প্রধান হিসেবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। জনাব নিজাম ১৯৯৯ সালে ইউনিভার্সিটি অব শেফিল্ড, ইউকে থেকে কর্পোরেট ও বাণিজ্যিক আইন এর উপর স্নাতক সম্পন্ন করে বার ভোকেশনাল কোর্স সম্পন্ন করেন। তিনি ২০০০ সালে Society of Lincoln’s Inn থেকে ডাক পেয়ে ইংল্যান্ড এন্ড ওয়েলস বার এর আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০১ সালে তিনি কুইন ম্যারী কলেজ-ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ইন্টারন্যাশনাল ফিন্যান্স এন্ড ব্যাংকিং ল’ এর উপর এলএলএম সম্পন্ন করেন।
